সময়পত্র ডেস্ক: মুন্সিগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাজনৈতিক জীবনে আব্দুল হাই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। পরে মুন্সিগঞ্জে দ্বিতীয় জানাজার আয়োজন করা হবে।
দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার পথচলা শুরু হয়। পরে ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন এবং ১৯৭৯ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

