সময়পত্র ডেস্ক: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে। পাশাপাশি আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীও।
বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই প্রাথমিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে, কারখানাটিতে আগুন লাগার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ফায়ার সার্ভিসের অতিরিক্ত ইউনিটগুলোকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

