সময়পত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও এগিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বিমান, সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ছে। এ প্রেক্ষাপটে দেশটির কাছ থেকে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মনে করে সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও একমত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। বৈঠকে ঋণ ব্যবস্থাপনার পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ তেমন কিছু পায়নি। তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের অগ্রগতি হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকটি বিমান কেনার পাশাপাশি সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। তাই এই বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশের আরও সহায়তা পাওয়া প্রয়োজন।
উল্লেখ্য, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় অংশ নিতে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন অর্থমন্ত্রী। সেখানে আইএমএফের ঋণ কর্মসূচি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রমের শর্ত নিয়ে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির আলোচনা চলছে।
এদিকে, সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় শুধু ঋণ গ্রহণ নয়, দীর্ঘমেয়াদি বিনিয়োগের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

