সময়পত্র ডেস্ক: জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু। রায়ে দেওয়া সাজা থেকে অব্যাহতি চেয়ে তিনি এ আবেদন করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন তিনি।
এর আগে, ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাদের অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনার সঙ্গে একমত পোষণ করেন হাসানুল হক ইনু। পাশাপাশি হত্যাকাণ্ডে উসকানি দেওয়া ও ষড়যন্ত্রের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে দাবি প্রসিকিউশনের। এসব অপরাধের তুলনায় তার সাজা কম হয়েছে বলেও মনে করছে রাষ্ট্রপক্ষ।
অন্যদিকে, ইনুর আইনজীবীদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এ যুক্তিতে তারা তাকে দেওয়া কারাদণ্ডের সাজা বাতিল করে খালাস দেওয়ার আবেদন জানিয়েছেন।

