সময়পত্র ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ওয়াহিদুজ্জামান শামীম নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষুব্ধ লোকজন দুই দফায় শামীমকে মারধর করেন। প্রথম দফায় গণপিটুনিতে আহত হওয়ার পর পুলিশ তাকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায়ও দ্বিতীয় দফায় গণপিটুনির শিকার হন তিনি।
পরে মধ্যরাতে শামীমকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুল হক আমিনী নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে শামীমের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগ তোলেন। নিহতের পরিবারের দাবি, এই অভিযোগকে কেন্দ্র করেই শামীমের ওপর হামলা চালানো হয়।
এদিকে শামীমের স্বজনরা জানিয়েছেন, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধও সেবন করছিলেন তিনি।

