সময়পত্র ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা। দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পর্যবেক্ষক দলের একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।
খায়রুল কবির খোকন বলেন, পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রশাসন কাজ করবে। এ ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে। পাশাপাশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট সম্পর্কে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা।

