সময়পত্র ডেস্ক: জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইটের ছেলে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আর জে মিটে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪ বছর।
সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়েও অভিনয়ের মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন মিটে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে অভিনেতার প্রতিনিধি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়, প্রিয় অভিনেতা, সমাজসেবী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের পক্ষে সোচ্চার কর্মী আর জে মিটের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে মারা যান এই অভিনেতা। তবে প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
‘ব্রেকিং ব্যাড’ সিরিজে ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয়ের সময় নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন মিটে। সিরিজটিতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করেন ব্রায়ান ক্র্যানস্টন এবং জেসি পিংকম্যানের ভূমিকায় ছিলেন অ্যারন পল।
এমি অ্যাওয়ার্ডজয়ী এই সিরিজে অভিনয়ের জন্য ২০১৪ সালে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডও অর্জন করেন মিটে।
অভিনেতার প্রতিনিধি শন রেইলি বিবিসিকে জানান, ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে মিটে নিজের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়েছিলেন। একই সঙ্গে প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সমাজে সবার অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে তিনি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলেন।
অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কল্যাণে সক্রিয় ছিলেন মিটে। তিনি ইউনাইটেড সেরিব্রাল পালসি এবং শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া জনকল্যাণমূলক উদ্যোগ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহায়তা করতে প্রতিষ্ঠা করেন ‘দ্য মিটে ফাউন্ডেশন’।
শন রেইলির ভাষ্য অনুযায়ী, নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং বিনোদনজগৎসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁদের প্রতিনিধিত্ব বাড়ানোর চেষ্টা করেছেন মিটে।
ব্রাউনসভিল পুলিশ বিভাগও বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, অভিনেতার মৃত্যুর কারণ ও ধরন এখনো নির্ধারণ করা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে না।
অ্যাসোসিয়েটেড প্রেসকে ক্যামেরন কাউন্টির জাস্টিস অব দ্য পিস সিন্ডি হিনোজোসা জানান, গত ১২ অক্টোবর মিটেকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, নিজ বাসভবনেই তাঁর মৃত্যু হয়েছিল। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলেও জানান তিনি।
‘ব্রেকিং ব্যাড’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত মার্কিন কেবল টেলিভিশন চ্যানেল এএমসিতে প্রচারিত হয় ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের পাঁচটি মৌসুম। প্রচারের পর থেকেই সিরিজটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
সিরিজটি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মোট ৫৮টি মনোনয়ন পায় এবং ১৬টি পুরস্কার অর্জন করে। এর মধ্যে ২০১৩ ও ২০১৪ সালে দুবার সেরা ড্রামা সিরিজের পুরস্কার জেতে ‘ব্রেকিং ব্যা

