সময়পত্র ডেস্ক: ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ট। সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ যৌথভাবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে। আলফ্রেড নোবেলের স্মরণে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক সভারিয়েস রিক্সব্যাংক এ পুরস্কার প্রদান করে।
রবার্ট ই হল ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো আল্টো শহরে জন্মগ্রহণ করেন। পুরস্কার ঘোষণার সময় তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, হল অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির হুভার ইনস্টিটিউশনের একজন জ্যেষ্ঠ গবেষক।
অন্যদিকে, মাইকেল উডফোর্ট ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের চিকোপি শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুরস্কার ঘোষণার সময় জানানো হয়, অর্থনীতিকে স্থিতিশীল রাখার নীতিগুলো আরও কার্যকর করতে কীভাবে অর্থনৈতিক মডেল পুনর্গঠন করা যায়, তা দেখিয়েছেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট। মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর মধ্যে পরিসংখ্যানগত সম্পর্কের ওপর নির্ভর না করে তাঁরা অর্থনৈতিক মডেল তৈরির ভিত্তি হিসেবে ক্ষুদ্র অর্থনৈতিক বিশ্লেষণকে গুরুত্ব দিয়েছেন।

