সময়পত্র ডেস্ক: প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গোয়ার নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নানা পাটেকরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া দেননি তিনি। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
সূত্র জানায়, নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর তখন পুনেতে ছিলেন। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর তিনি গোয়ার উদ্দেশে রওনা হন।
১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন নানা পাটেকর। তীব্র অভিনয়, শক্তিশালী সংলাপ উপস্থাপন এবং জটিল ও ব্যতিক্রমী চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলার দক্ষতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত এই অভিনেতা ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘অব তাক ছাপ্পান’ ও ‘যশবন্ত’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন।
১৯৭৮ সালের ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় নানা পাটেকরের। ২০০০-এর দশকের শুরুতে ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘অব তাক ছাপ্পান’ (২০০৪), ‘অপরহণ’ (২০০৫) এবং ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬)-এর মতো ছবিতে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়।
২০০৭ সালের কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম’-এ গ্যাংস্টার ‘উদয় শেট্টি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতেও একই চরিত্রে অভিনয় করেন নানা পাটেকর। সম্প্রতি কমেডি থ্রিলার ‘হাউসফুল ৫’-এও তাকে সহ-অভিনেতার ভূমিকায় দেখা গেছে।
২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি। এ ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা সহ-অভিনেতার পুরস্কারের জন্য পঞ্চমবার মনোনয়ন পান। ২০১৬ সালে মারাঠি চলচ্চিত্র ‘নটসম্রাট’-এ অভিনয়ের জন্য ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি ভারতীয় সিনেমার বাইরেও নানা পাটেকর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে কৃষক ও কৃষিনির্ভর সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় তার বিভিন্ন উদ্যোগ উল্লেখযোগ্য হয়ে উঠেছিল।

