সময়পত্র ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সশস্ত্র একদল দুর্বৃত্তের হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় হাউজিং সোসাইটির অফিস থেকে প্রায় এক কোটি টাকা লুটের অভিযোগ করেছে কর্তৃপক্ষ। একই হামলায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও। হাউজিং কর্তৃপক্ষের দাবি, চাঁদার দাবিতে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
ইসিবি চত্বরের পাশের দক্ষিণ মানিকদীতে নিউগিনি হাউজিং প্রজেক্টটি অবস্থিত। প্রায় পাঁচ বিঘা জমির ওপর নির্মাণাধীন এ আবাসিক এলাকায় ১৭টির বেশি বহুতল ভবন রয়েছে। শনিবার রাত ১০টার দিকে সেখানে হঠাৎ হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চারটি পিকআপ ভ্যানে করে শতাধিক মুখোশধারী ব্যক্তি আবাসিক এলাকায় ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে হাউজিং এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলা হয়। কয়েকজনকে কুপিয়ে আহত করার পাশাপাশি কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।
হাউজিং কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা সোসাইটির অফিসে ঢুকে প্রায় এক কোটি টাকা লুট করে নিয়ে যায়। মালিকপক্ষ আরও জানায়, প্রায় দুই মাস আগেও একই কায়দায় সেখানে হামলা চালানো হয়েছিল। সেসময়ও দুর্বৃত্তরা মোটা অঙ্কের টাকা দাবি করেছিল বলে অভিযোগ তাদের।
নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্বৃত্তরা মোটা অঙ্কের টাকা দাবি করছে। পাশাপাশি তারা ক্রয় করা জমি দখলে নেওয়ারও চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
হামলা থেকে রেহাই পায়নি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও। সেখানে থাকা কর্মীদের মারধর করে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সালমান মুক্তাদির।
তিনি বলেন, চাঁদা দাবি করা হলে সামর্থ্য থাকলে তা দেওয়ার চেষ্টা করতেন। একইসঙ্গে দেশের আইন ও প্রশাসনের প্রতি আস্থাহীনতার কথা জানিয়ে ঘটনাটিকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

