সময়পত্র ডেস্ক: রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সিরাজ মিয়ার বাড়ির মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে মো. খালেদ সাইফুল্লাহ (৩৮)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঢাকা মেট্রো-ল ৫১-৪৫২২ নম্বরের একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। আমতলী মোড় পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
বনানী থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত ও জব্দ করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
পুলিশ আরও জানায়, নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে দুর্ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

