সময়পত্র ডেস্ক: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারকে গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি উল্লেখ করে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
রাষ্ট্রপতি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
এ সময় জেলা পরিষদগুলোর উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রাষ্ট্রপতি।

