সময়পত্র ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধ এবং দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশের সব নাগরিকের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণ ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে এগিয়ে এলে কোনো বাধাই সেই পরিবর্তনের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না।
তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তারেক রহমান বলেন, “নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।” প্রত্যেকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি।
যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন সম্ভব। এবার রাষ্ট্রকে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন।
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

