সময়পত্র ডেস্ক: বৈধপথে প্রতিবছর পরিবারসহ প্রায় ১২ হাজার বাংলাদেশির ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অবৈধ যাত্রা থেকে বিরত থাকতে সবাইকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান মীর শাহে আলম।
তিনি বলেন, বৈধ ও নিরাপদ অভিবাসনের সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।

