সময়পত্র ডেস্ক: ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওই স্থাপনায় কোনো ধরনের তৎপরতা শনাক্ত হলে সেটিকে মার্কিন হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে।
স্থানীয় সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক অভিযানের পক্ষে বিভিন্ন যুক্তিও তুলে ধরেন তিনি।
ট্রাম্প জানান, ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’সহ দেশটির অন্যান্য স্থাপনায় কী ধরনের কার্যক্রম চলছে, তা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা দেখা গেলে কঠোর হামলা চালানোর কথাও জানান তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছেই ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এর অবস্থান। অত্যন্ত সুরক্ষিত ও ভূগর্ভস্থ এই স্থাপনাটিকে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
ট্রাম্প বলেন, ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না—এটি নিশ্চিত করা হয়েছে। দেশটির ‘পিকঅ্যাক্স’ কিংবা অন্য কোনো স্থানে কী ঘটছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র সবকিছুই জানে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো সমস্যা দেখা দিলে ইরানের ওপর আঘাত হানা হবে এবং সেই হামলা অত্যন্ত কঠোর হবে। মাত্র পাঁচ মাসের মধ্যেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের ভাষ্য, বারবার রাডার স্থাপন এবং সেগুলো ধ্বংসের ঘটনায় ইরান এখন ক্লান্ত হয়ে পড়েছে।

