সময়পত্র ডেস্ক: মাগুরার ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।
এর আগে গত ২৫ আগস্ট এ মামলার রায়ের দিন পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়। গত ২৩ আগস্ট আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালের মার্চে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাদের সবাইকে গ্রেফতার করে।
একই বছরের ১৩ এপ্রিল মামলাটিতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। পরে ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষী সাক্ষ্য দেন।
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়।
এখন হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স ও তার করা আপিলের ওপর রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে মামলাটি।

