সময়পত্র ডেস্ক: বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর ঝড়, অতিবৃষ্টি, বজ্রপাত, জলাবদ্ধতা, নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও প্রকট হওয়ায় এসব দুর্যোগের তীব্রতা ও ঘনত্ব বেড়েছে। ফলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ অনেক সময় কঠিন হয়ে পড়ে।
এ বাস্তবতায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার এখনই উপযুক্ত সময়। আমার বিনীত প্রস্তাব, প্রতিবছর মার্চ মাসের মধ্যেই এ দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হোক। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সে অনুযায়ী শিক্ষাবর্ষের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিতে পারে। শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদে এটি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
প্রাকৃতিক দুর্যোগের সময় কোমলমতি শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। বজ্রপাত, ঝড় কিংবা ভারী বৃষ্টির মধ্যে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত শুধু দুর্ভোগই নয়, অনেক ক্ষেত্রে জীবনঝুঁকিও তৈরি করে। তাই তুলনামূলকভাবে অনুকূল আবহাওয়ার সময় পরীক্ষা আয়োজন করা সময়ের দাবি।
আমরা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে নয়, বরং বাস্তবতা বিবেচনায় কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে পারি। পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে।
আমাদের সময় অর্থাৎ ৫০/ ৬০ এর দশকে আমরা প্রত্যন্ত অঞ্চল হতে মহকুমা সদরে গিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং মাত্র ৫ দিনে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছি। তাই পরীক্ষার মাঝখানের গ্যাপটাও যাতে যৌক্তিক আকারে কমিয়ে আনলে সরকার, অভিভাবক ও শিক্ষার্থীদের দুশ্চিন্তা ও আর্থিক খরচ কম হবে বলে আমার বিশ্বাস।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও জনস্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন—এটাই প্রত্যাশা।
প্রস্তাবনায়- শিক্ষানুরাগী, ছড়াকার, কবি, উপন্যাসিক মুহাম্মদ কুদ্দুসুর রহমান।


২ Comments
আমরা বাংলা, ইংরেজি দুই পার্ট একই দিনে পরীক্ষা দিতাম। খুব কম পরীক্ষায় গ্যাপ থাকতো।
এখন এক পার্ট একদিনে পরীক্ষা হয়, পরীক্ষার মাঝে বিরতি দিয়ে দীর্ঘদিন চলতে থাকে। আমার মনে হয় দীর্ঘদিন পরীক্ষা চললে ছাত্রদের মনোযোগ নষ্ট হয়।
বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ,পাবলিক পরীক্ষার জন্য তুলনামূলক ভালো ঋতু নির্বাচন করা দরকার।
দৈনিক সময়পত্র দেশের যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা গণমানুষের আশা-আকাঙ্ক্ষা ও চাওয়া-পাওয়া অত্যন্ত নিরপেক্ষ ও সততার সাথে প্রকাশ করবে সেই প্রত্যাশা রইলো। আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করছি।
মিহাঃ কুদ্দুসুর রহমান