মহাদেবপুরে ডাম্প ট্রাক ও যাত্রীবাহী অটোভ্যানের সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মহাদেবপুর থেকে পত্নীতলার নজিপুরগামী একটি ডাম্প ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মহাদেবপুর উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের ওপর উঠে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরে ভোর পাঁচটার দিকে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

