ড্রাইভিং লাইসেন্স পেতে এখন থেকে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, প্রশিক্ষণ গ্রহণকারী চালকদের সরকারিভাবে ভাতাও দেওয়া হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে গাড়িচালকদের জন্য আয়োজিত শব্দদূষণ প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ফাওজুল কবির খান বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আর কোনো ধরনের কমিটি ব্যবস্থা থাকবে না। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তারাই সরাসরি লাইসেন্স পাবেন। তিনি আমলাতান্ত্রিক জটিলতাকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, এ ব্যবস্থার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছে।
তিনি আরও মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের জন্য দায়িত্বে থাকলেও দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান না হওয়া উদ্বেগজনক। এসব সমস্যা সমাধানে আমলাদের চিন্তায় ‘জনস্বার্থ’কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।
একই অনুষ্ঠানে আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান গাড়িচালকদের শব্দদূষণ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। মানুষের ভোগান্তি হয়—এমন কোনো কাজ না করার অনুরোধ জানিয়ে তিনি সড়ক আইন কঠোরভাবে প্রয়োগে বিআরটিএর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

