বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এখন একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। তাঁর মতে, বিভিন্ন খাতে ভাঙন দেখা দিয়েছে এবং এসব প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার কার্যকর করতে হবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৭ আসনের ভাসানটেক এলাকায় বিআরবি স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর দেশের সর্বস্তরের মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এই পরিবর্তন বাস্তবায়নে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় তিনি সুশাসন প্রতিষ্ঠা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষ জনশক্তি ও ক্রীড়াবিদ গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি পরিবারভিত্তিক সহায়তা ও কৃষকদের জন্য বিশেষ কার্ড চালুর প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, সারাদেশে চার কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি দলের প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, অতীতে যতবার ধানের শীষ প্রতীকে জনগণের সমর্থন এসেছে, ততবারই দেশের উন্নয়ন এগিয়েছে। তাই আসন্ন নির্বাচনে সারাদেশে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

