ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ শনিবার। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল পর্যন্ত এ কার্যক্রম চলবে এবং যাচাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ইসি জানিয়েছে, ছুটির দিনেও যাচাই কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। শুক্রবার কক্সবাজার-১ আসনে প্রার্থী সালাহউদ্দিন আহমদের জমা দেওয়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র যাচাই শেষে বাতিলের সিদ্ধান্ত নেয় কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে যেসব মনোনয়নপত্র বাতিল হবে, সংশ্লিষ্ট প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সবশেষে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম।

