অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনকালে দায়িত্ব পালনকারী সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তারেক রহমান বলেন, গভীর শোকের মধ্যেও তাঁর মায়ের শেষ বিদায় যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে সম্পন্ন হয়েছে। এটি সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার ফল।
তিনি সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ ও বিদেশের গণমাধ্যমকর্মীদের পেশাদার ভূমিকার জন্য আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানান।
এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, গভীর শোকের সময়ে তাঁদের উপস্থিতি ও সহানুভূতি খালেদা জিয়ার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সমর্থন ছিল।
পোস্টের শেষাংশে তারেক রহমান লেখেন, “আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার ও পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে—আলহামদুলিল্লাহ।”

