নিজস্ব প্রতিনিধি:
হিমেল বাতাস আর কনকনে শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসন। শীতের তীব্রতা থেকে গরিব, ভাসমান ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে ২০২৫–২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়েছে।কম্বল পেয়ে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজার এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় বাজার এলাকার ফুটপাতের দোকানদার, দিনমজুর, ভাসমান অসহায় বৃদ্ধ ও দুস্থ শীতার্তদের হাতে মোট ১০০টি কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরী এবং উপসহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এ মানবিক উদ্যোগে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, “শীত মৌসুমে ভাসমান ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেউ যেন শীতে কষ্ট না পায়—সে লক্ষ্যেই উপজেলা প্রশাসন পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকবে।”

