ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ মতভেদের মধ্যেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসন থেকে তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এনসিপি সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের আগে তাসনিম জারা দলটির শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে এনসিপি তাকে ঢাকা–৯ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছিল।
ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রত্যয়ে তিনি নির্বাচনে লড়বেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের সমর্থনই হবে তার একমাত্র শক্তি।
তিনি জানান, আইনি বাধ্যবাধকতা অনুযায়ী প্রয়োজনীয় ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করবেন এবং নির্বাচনী ব্যয়ের জন্য সংগৃহীত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

