ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের আওতাধীন ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় ভোর আনুমানিক ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছেন। তারা কেউই পাসপোর্ট বা বৈধ ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটক ব্যক্তিরা এর আগে বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। পরে কোনো ধরনের বৈধ নথি ছাড়াই পুনরায় বাংলাদেশে প্রবেশের সময় সীমান্ত এলাকায় বিজিবির হাতে ধরা পড়েন তারা।
তিনি আরও জানান, আটককৃতদের পরিচয়, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের জন্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক যাচাই সম্পন্ন হলে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

