ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি আজ থেকে শুরু হচ্ছে। আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী, বিকাল ৪টার পর দর্শকরা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
এবার সিলেট পর্বে কোনো স্টেডিয়াম বুথে সরাসরি টিকিট বিক্রি করা হবে না। সব টিকিটই অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে দর্শকরা নিজেদের পছন্দের গ্যালারির টিকিট কিনতে পারবেন।
টিকিটের মূল্য রাখা হয়েছে বিভিন্ন শ্রেণি অনুযায়ী। সবচেয়ে কম দামের টিকিট ২০০ টাকা এবং সর্বোচ্চ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। পূর্ব ও পশ্চিম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২০০০ টাকা। ক্লাব হাউজের টিকিট ৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে ২৫০ টাকা এবং শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি কিংবা গ্রিন হিল এলাকায় টিকিটের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনে বসে খেলা দেখতে টিকিট কিনতে হবে ৬০০ টাকায়। সিলেট পর্বে দেশি তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণ থাকায় দর্শকদের আগ্রহ তুঙ্গে রয়েছে।
ভিড় এড়াতে এবং নির্বিঘ্নে ম্যাচ উপভোগ করতে আগেভাগেই অনলাইনে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছেন আয়োজকরা। আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএল আসর।

