আজ রোববার, ২১ ডিসেম্বর—চলতি বছরের সবচেয়ে দীর্ঘ রাতের সাক্ষী হতে যাচ্ছে মানুষ। অন্যদিনের তুলনায় আজ রাতের দৈর্ঘ্য কিছুটা বেশি হওয়ায় অবসর কাটানোর সুযোগও বাড়ছে। বই পড়া, সিনেমা দেখা কিংবা স্বাভাবিকের চেয়ে একটু বেশি ঘুম—সব কিছুর জন্যই সময় মিলবে বাড়তি।
এর বিপরীতে আগামীকাল সোমবার হবে বছরের সবচেয়ে ছোট দিন। এই ঘটনা মূলত উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটবে। একই সময়ে দক্ষিণ গোলার্ধে দেখা যাবে সম্পূর্ণ উল্টো চিত্র—সেখানে দিন হবে দীর্ঘতম আর রাত হবে সবচেয়ে ছোট।
বিজ্ঞানীদের মতে, এই দীর্ঘতম রাতের কারণ সূর্যের অবস্থানগত পরিবর্তন। প্রতি বছর ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে, যাকে বলা হয় সূর্যের দক্ষিণায়ন। এ সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে তুলনামূলকভাবে দূরে হেলে থাকে। ফলে সেখানে সূর্যের আলো কম সময় পড়ে এবং দিন ছোট হয়ে আসে।
ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ে, আর উত্তর গোলার্ধ সরে যায় কিছুটা দূরে। এর ফলেই উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে এবং দিন ক্রমশ ছোট হতে থাকে। ২১ ডিসেম্বর এই প্রক্রিয়া চূড়ান্ত রূপ নেয়, যার কারণে রাত হয় বছরের সবচেয়ে দীর্ঘ।
এই বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে বলা হয় উইন্টার সলসটিস। এ সময় দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সর্বোচ্চ হলেও উত্তর গোলার্ধে রাত সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়।

