ডেস্ক রিপোর্ট: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজার নামাজ আদায় করা হয়।
জানাজা শেষে শহিদ শান্তিরক্ষীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে একে একে কফিনে ফুল দিয়ে সম্মান জানানো হয়। আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারযোগে শহিদদের মরদেহ নিজ নিজ জেলার উদ্দেশে পাঠানো হয়।
জানাজার আগে নিহত শান্তিরক্ষীদের কর্মজীবনের সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিহত ছয় শান্তিরক্ষী হলেন— নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মণ্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহিদদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম মরদেহ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় দায়িত্ব পালনরত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এ ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী আহত হন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

