ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।
আজ রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, শোক পালনের অংশ হিসেবে শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই নির্দেশনা প্রযোজ্য থাকবে বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও।
প্রধান উপদেষ্টা আরও জানান, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত স্ত্রী, সন্তান, পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, শহীদ ওসমান হাদির স্ত্রী ও তাঁর একমাত্র সন্তানের ভবিষ্যৎ দায়িত্ব সরকার গ্রহণ করবে।

