নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ :
যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় পাবনা থেকে ঢাকার পথে উড্ডয়ন করা স্কয়ার গ্রুপের একটি হেলিকপ্টার মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফসলের মাঠে জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আটিগ্রাম ইউনিয়নের কড়িখোলা চকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাবনা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফসলের মাঠে নিরাপদ অবতরণ করান। এতে পাইলটসহ ছয়জন আরোহী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
ঘটনার পর স্কয়ার গ্রুপের আরেকটি হেলিকপ্টার এসে আরোহীদের ঢাকায় নিয়ে যায়। এরপর সন্ধ্যা ছয়টার দিকে এয়ারক্রাফট টেকনিশিয়ান মোহাম্মদ শিব্বির হোসাইন ঘটনাস্থলে পৌঁছে ত্রুটি শনাক্তের কাজ শুরু করেন। তিনি জানান, হেলিকপ্টারের সাপোর্টিং লেড–অ্যাসিড এভিয়েশন ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আগামীকাল প্রধান টেকনিক্যাল টিম এসে পূর্ণাঙ্গ মেরামত কার্যক্রম শুরু করবে।
এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলে এলাকাবাসী হেলিকপ্টারটি দেখতে ভিড় জমায়। পুরো রাত নিরাপত্তা নিশ্চিত করতে স্কয়ার গ্রুপের ৩০ জন কর্মী পাহারায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

