নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক জোট ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। নতুন এই জোটের নাম রাখা হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু জোট গঠনের ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন নাহিদ ইসলাম ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, “আমরা শুধু দলীয় পরিসরে সীমাবদ্ধ থাকতে চাই না; রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় নাগরিক সমাজের যোগ্য প্রতিনিধিদেরও যুক্ত করতে চাই। ভালো মানুষ, সৃষ্টিশীল মানুষ—যারা দীর্ঘদিন সুযোগ পাচ্ছেন না—তাদের জন্য এই প্ল্যাটফর্ম খুলে দেব।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপি–জামায়াতসহ যারা প্রচলিত দলীয় কাঠামোতে আবদ্ধ, তাদেরও আহ্বান জানাই—দলীয় বৃত্তের বাইরে এসে দেশ গঠনের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হোন। আমরা সবার সঙ্গে সমন্বয় করে এগোতে চাই।”

