নিজস্ব প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় বাসচাপায় জীম আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দিগপাইত ইউনিয়নের আদর্শ বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জীম তিতপল্লা ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের লাভলু মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, এক আত্মীয়ের জানাজা ও দাফন শেষে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে হঠাৎ ঢাকাগামী একটি বাস তাদের বাহনটিকে চাপা দেয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই জীমের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত হন—ছাতিয়ানি গ্রামের চাঁন মিয়া (৭২), তার স্ত্রী বানেছা (৭০), ইদ্রিস আলীর মেয়ে ইভা (৫) ও রিমা (১৪), এবং খুপিবাড়ী এলাকার শাকিবের শিশু কন্যা ছোয়ামনি (৪)। আহত সবাই একে অপরের আত্মীয় বলে জানা গেছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, “দাফন থেকে ফেরার পথে বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস শনাক্তে চেষ্টা চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা আহতদের দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

