নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আজিজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪), এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্টসে কর্মরত ছিলেন। ভোরে ওয়াশরুমে যাওয়ার সময় ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আলাউদ্দিন রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আগুনে দগ্ধ হন। একই সময়ে ঘরে থাকা তার মা ও দুই মেয়ে আগুনে ঝলসে যায়। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা সাথে সাথে বের হতে পারেননি। প্রতিবেশীরা চিৎকার শুনে দ্রুত এসে তাদের উদ্ধার করেন। তিনি ধারণা করছেন, ঘরের ভেতরে গ্যাস জমে ছিল, আর বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে।
প্রতিবেশী শরিফ মিয়াও জানান, মোবাইল চার্জার বিস্ফোরণের পরই আগুন ধরে যায়। ঘরে গ্যাস লাইন লিকেজ থাকায় জমে থাকা গ্যাস আগুনে রূপ নেয় বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, চারজনই হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে আলাউদ্দিনের দগ্ধ ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফার ১২ শতাংশ পুড়েছে। তিনি ছুটিতে থাকায় এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারেননি।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, দগ্ধদের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান

