ডেস্ক রিপোর্ট:
গত ২৫ বছরে সাত ধাপ এগিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগরীতে পরিণত হয়েছে ঢাকা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ–প্রস্তুত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫ প্রতিবেদন বলছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের শীর্ষে উঠে আসবে বাংলাদেশ রাজধানী।
জাকার্তার পরই ঢাকা
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের তথ্য বিবেচনায় বিশ্বের সবচেয়ে জনবহুল মহানগর হলো ইন্দোনেশিয়ার জাকার্তা—যেখানে জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। এর ঠিক পরেই রয়েছে ঢাকা, প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ নিয়ে। গত দুই দশকে ঢাকার জনসংখ্যা বৃদ্ধির হার দাঁড়িয়েছে বছরে গড়ে প্রায় ৩ শতাংশ। ২০০০ সালে ঢাকার অবস্থান ছিল ৯ম, তখন জনসংখ্যা ছিল ১ কোটি ৭৪ লাখ।
জাতিসংঘের পূর্বাভাস, ২০৫০ সালে ঢাকার জনসংখ্যা বাড়তে বাড়তে হবে প্রায় ৫ কোটি ২১ লাখ, আর তখন জাকার্তা নেমে যাবে দ্বিতীয় স্থানে।
বিশ্বের আরও বড় নগরগুলো
ঢাকা ও জাকার্তার পর বর্তমানে তালিকায় রয়েছে টোকিও, নয়াদিল্লি ও সাংহাই। টোকিওর জনসংখ্যা ২৫ বছরে খুব বেশি না বাড়লেও অন্যান্য দ্রুতবর্ধনশীল নগরের চাপে তালিকায় পিছিয়ে পড়ছে। প্রতিবেদন বলছে, ২০৫০ সালের মধ্যে সাংহাই উঠে আসবে তৃতীয় অবস্থানে। কায়রো, ম্যানিলা, গুয়াংজু, সিউল ও কলকাতার মতো শহরগুলোতেও জনসংখ্যা বাড়তেই থাকবে, তবে ঢাকার সঙ্গে তাদের দূরত্ব আরও বাড়বে।
ঢাকায় বাড়ছে চাপ, কমছে বাসযোগ্যতা
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সবচেয়ে বড় সমস্যা হলো অব্যবস্থাপিত সম্প্রসারণ। প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষ রাজধানীতে আসছেন—মূলত কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও জলবায়ুজনিত ঝুঁকি থেকে বাঁচার জন্য। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে—
আবাসন সংকট প্রকট হচ্ছে
বায়ু ও পানি দূষণ বাড়ছে
গণপরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছে
নগর পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা বলেন, ‘ঢাকার মৌলিক নাগরিক সেবা এখনই হিমশিম খাচ্ছে। ভবিষ্যৎ সংকট এড়াতে হলে এখনই টেকসই ও সমন্বিত নগর পরিকল্পনার উদ্যোগ নিতে হবে।’
গ্রাম থেকে ঢাকামুখী অভিবাসন কেন বাড়ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামের মতে, ঢাকায় অভিবাসনের হার দেশের সাধারণ জনসংখ্যা বৃদ্ধির হারের দ্বিগুণেরও বেশি। এর কারণ—
গ্রামে কর্মসংস্থানের সীমিত সুযোগ
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়
কৃষিজমি হারিয়ে ভূমিহীনতা
শিক্ষা–স্বাস্থ্যসহ নাগরিক সুবিধার প্রতি আকর্ষণ
তিনি মনে করেন, ঢাকা এখনই চরম চাপের মধ্যে রয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সমাধান কী
বিশেষজ্ঞদের মতে—
নতুন নগরনীতি প্রণয়ন
নাগরিক সেবায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা
ঢাকা থেকে বাণিজ্যিক কর্মকাণ্ড অন্যান্য শহরে সরিয়ে নেওয়া
নতুন উপশহর ও বিকেন্দ্রীকরণ
এসব উদ্যোগ ছাড়া ঢাকার ভবিষ্যৎ সংকট রোধ করা সম্ভব হবে না।

