নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন জাকির হোসেন (৪৩)। গভীর রাতে তাকে হত্যা করে সড়কের ধারে ফেলে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে চান্দহর ইউনিয়নের বকচর–আনন্দবাজার সড়কে নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।
নিহত জাকির চর চামটা গ্রামের বাসিন্দা ও মৃত বদু মিয়ার ছেলে। দুই সন্তানের বাবা জাকির সোমবার রাত ১০টার দিকে আনন্দবাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ভোরে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি জানালে জাকিরের স্ত্রী সানোয়ারা বেগম সেখানে গিয়ে স্বামীর মরদেহ শনাক্ত করেন। লাশের পাশেই পাওয়া যায় তার ব্যবহৃত মোবাইল ফোন।
সানোয়ারা বেগমের দাবি, জাকিরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তার মুখমণ্ডল বিকৃত করে দেওয়া হয়েছে—যা সুস্পষ্টভাবে পরিকল্পিত হত্যার ইঙ্গিত দেয়। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত নন।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, নিহত জাকিরের বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। সম্প্রতি মাদক ব্যবসা নিয়ে জাকিরের সঙ্গে জানু নামের এক ব্যক্তির বিরোধের কথাও পুলিশ জানতে পেরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তিনি বলেন, “মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”
চান্দহর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য বিল্লাল হোসেনও জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দ্রুত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।


