ডেস্ক রিপোর্ট:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে অগ্নিসংযোগে দগ্ধ হওয়া চালক পারভেজ খান (৪৫) তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না–ফেরার দেশে চলে গেলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত পারভেজ খান সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে। চালকের ছেলে সুমন খান জানান, দগ্ধ হওয়ার পরই তার বাবাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুই দিন সিসিইউতে রাখার পর গত শনিবার দুপুরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নেওয়া হবে বলে জানান তিনি।
হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বাসের মালিক মো. আশরাফুল ইসলাম জানান, ঘটনাটির পরপরই কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পারভেজ খানের মৃত্যুর খবর পুলিশকে জানানো হয়েছে। বিকেলে মরদেহ তার বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দগ্ধ বাসচালকের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। এ মামলায় ছাত্রলীগের এক নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমে থাকা স্কুলবাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। সে সময় বাসের ভেতর ছিলেন চালক পারভেজ খান, যিনি মারাত্মকভাবে দগ্ধ হন এবং অবশেষে তিন দিন পর মারা যান

