সময়পত্র ডেস্ক: আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণকাজের কারণে সরবরাহ কমে যেতে পারে। ফলে কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের মধ্যে সামিট এলএনজির একটি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
এর ফলে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। এতে বিভিন্ন এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পেট্রোবাংলা আরও জানায়, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য ছড়িয়ে দিচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
এ অবস্থায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যে কান না দিতে এবং কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।

