সময়পত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোর কাছে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজে থাকা পাইলটসহ নয়জনের সবাই নিহত হয়েছেন। তবে ভূমিতে থাকা কেউ হতাহত হননি।
স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টেক্সাস থেকে উড্ডয়ন করে বাহামাসের উদ্দেশে যাচ্ছিল লিয়ারজেট ৬০ মডেলের ব্যবসায়িক উড়োজাহাজটি। ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের কাছেই এটি বিধ্বস্ত হয়। গাড়ির ড্যাশক্যামে দুর্ঘটনার দৃশ্য ধারণ করা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মাঝ আকাশে উড়োজাহাজটি তীব্র বায়ুপ্রবাহসহ বিভিন্ন সমস্যার মুখে পড়ে। একপর্যায়ে উড়োজাহাজটির বিভিন্ন অংশে বরফ জমার বিষয়টি এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর উচ্চতায় ওঠার চেষ্টা করতে গিয়ে এটি দ্রুত নিচের দিকে নেমে আসে এবং শেষ পর্যন্ত মাটিতে আছড়ে পড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আগে উড়োজাহাজটি প্রথমে ১০ হাজার ফুট, পরে ২০ হাজার ফুট এবং সবশেষে প্রতি মিনিটে প্রায় ৩০ হাজার ফুট উচ্চতা হারায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এ ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, দৃশ্যটি দেখে মনে হচ্ছিল যেন কোনো ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ বড় একটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা তদন্ত করবে।
রোববার সকালেও ফ্লোরিডায় অবস্থান করছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগেই তিনি অঙ্গরাজ্যটি ত্যাগ করেন।
এদিকে, গত কয়েক দিন ধরেই ফ্লোরিডায় ঝড়-বৃষ্টিপ্রবণ আবহাওয়া বিরাজ করছিল। দুর্ঘটনার সময়ও ওই এলাকায় বজ্রপাত ও ঝড়ের খবর পাওয়া গেছে। তবে আবহাওয়ার সঙ্গে দুর্ঘটনার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

