সময়পত্র ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর শুনানি আজ রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি হতে পারে।
মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার রয়েছেন, আর বাকিরা পলাতক। এর আগে গত ৭ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারিত থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় আসামিপক্ষের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল শুনানি পিছিয়ে দেন।
২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় বিচারের দাবিতে ৫ আগস্টের পর হেফাজতে ইসলামের নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। পরবর্তী সময়ে শাপলা চত্বরে সংগঠনটির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৭ জন নিহত হওয়ার তথ্য পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এরপর ৪১ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ট্রাইব্যুনাল সেই অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

