নিজস্ব প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে শোডাউন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মো. জুবায়েদ আহমেদ ওমর। বুধবার (২৮ অক্টোবর) সকালে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তিনি এ শোডাউন করেন।
সকাল থেকে নেতাকর্মীরা ঝিটকা আনন্দমোহন স্কুলের খেলার মাঠসংলগ্ন ব্রিজ এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে শোডাউনটি শুরু হয়ে ঝিটকা বাজার প্রদক্ষিণ করে। বাজার অতিক্রম করে গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় গিয়ে কর্মসূচিটি শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ছিল।
শোডাউন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জুবায়েদ আহমেদ ওমর। তিনি বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। এরপর আনন্দ র্যালি করা হয়।
তিনি আরও বলেন, “আমাদের স্লোগান একটাই—‘সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ।’ প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। যুবসমাজের প্রতি আমার বার্তা, নতুন বাংলাদেশ দেখতে হলে যুবসমাজকে নতুন স্বপ্ন দেখার বিকল্প নেই।”

