সময়পত্র ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এ ঘটনায় একজন নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ছাড়া নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

