সময়পত্র ডেস্ক: কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন।
রোববার (২৫ অক্টোবর) দেশটির নাইরোবি-মোম্বাসা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় একটি গির্জার যাজকের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর যাত্রীরা মোম্বাসায় ফিরছিলেন। পথে একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। ধারণা করা হচ্ছে, ভুলভাবে অন্য যানবাহনকে ওভারটেক করার চেষ্টা থেকেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
দুর্ঘটনাস্থলটি এর আগেও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার সাক্ষী হয়েছে। মাত্র তিন সপ্তাহ আগে একই মহাসড়কের ওই স্থানে আরেকটি দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারান।
কেনিয়ায় সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং সড়কের বেহাল অবস্থাকে বিবেচনা করা হয়।

