সময়পত্র ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া মেজর (অব.) আখতারুজ্জামান জামিনের আবেদন করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) মহানগর দায়রা জজ আদালতে তাঁর জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, জামিন আবেদনের শুনানিতে মেজর (অব.) আখতারুজ্জামানের পক্ষে অংশ নেবেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।
এর আগে গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মামলায় তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আঘাত করা, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

