সময়পত্র ডেস্ক: খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এসআরবির পরিচালিত অভিযানে ওই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম আনিছুর রহমান পলাশ। তিনি কাঞ্চনপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
এসআরবি সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আনিছুর রহমান পলাশ গরুর মাংস বলে ক্রেতাদের কাছে ঘোড়ার মাংস বিক্রি করছিলেন বলে জানা যায়।
পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জব্দ করা ঘোড়ার মাংস জনসমক্ষে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়।

