দীর্ঘদিন ধরে হাইকোর্টের রায়ের পর মামলাগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
অন্যদিকে, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ২০২৫ সালের ২ জুন হাইকোর্ট রায় দেন। এতে টেকনাফ থানার বরখাস্ত হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
এ ছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। ওই রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এখন মামলাগুলো আপিল বিভাগে দ্রুত শুনানির মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

