সময়পত্র ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতসংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে রিসোর্টটিতে আগুন লাগার খবর পায় উখিয়া ফায়ার স্টেশন। ঘটনাস্থলটি ফায়ার স্টেশন থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে হওয়ায় সেখানে পৌঁছাতে দমকলকর্মীদের আধা ঘণ্টার বেশি সময় লাগে। পরে সকাল ৮টার দিকে উদ্ধারকাজ শুরু করেন তারা।
উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রচেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর রিসোর্টে তল্লাশি চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

