সময়পত্র ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় দুর্বৃত্তদের মারধরে তারেক হোসেন বাপ্পি নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অলিনগর এলাকায় দুর্বৃত্তরা দুই যুবকের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।
নিহত বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির বাসিন্দা। অন্যদিকে, আহত তাফসির আলম শাওন বাড়বকুণ্ডের অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির বাসিন্দা। তাকে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, নিহত তারেক হোসেন বাপ্পি যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে রাজনৈতিক বিরোধ, নাকি অন্য কোনো অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হামলার কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

