সময়পত্র ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দীর্ঘ সময় ধরে চলা এ অগ্নিকাণ্ডে ভবনটির ষষ্ঠ তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পানি দেওয়া বন্ধ করলেই আবার জ্বলে উঠছে আগুন। ভবনের ভেতর থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানি নিচতলার দোকানগুলোতে ঢুকে পড়ায় সেখানকার মালামালও ভিজে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এর আগে, সোমবার (১২ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত বহুতল ভবন ‘মুনসুর খান প্লাজা’য় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একের পর এক ইউনিট আগুন নেভানো ও উদ্ধারকাজ শুরু করে। টানা ১২ ঘণ্টার প্রচেষ্টার পর মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

