সময়পত্র ডেস্ক: দেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে। চিকিৎসাসেবার মান আরও উন্নত করা গেলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করা উচিত। এতে তাঁরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
সাক্ষাৎকালে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে জানান, দেশে বর্তমানে লিভার প্রতিস্থাপনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এ সময় অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

