সময়পত্র ডেস্ক: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের প্রাথমিক পরীক্ষা আগামী ১৬ অক্টোবর, শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১টায় পরীক্ষা আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ও সময় হিসেবে প্রাথমিকভাবে ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে পুনরায় জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। তাঁরা রাজধানীর মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়ক অবরোধ করেন। একপর্যায়ে মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

